অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিলেটে ভিপি নুরের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর

বাংলাদেশে রাষ্ট্র ও ধর্মদ্রোহীতার অভিযোগে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে, সিলেট জেলার কোতোয়ালি থানায় এজাহার দাখিল করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) বিকালে মামলার আবেদন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন আহমদ।

এজাহারে উল্লেখ করা হয়েছে যে নুর রাজনীতির নামে দল করে দেশের বাইরে গিয়ে রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সম্প্রতি দুবাইয়ে গিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের গোপন আলোচনা ও পরামর্শ করেছেন বলে নূরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ করা হয়েছে যে, নুর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফের নাম করে দেশের বাইরে গিয়ে, বিভিন্ন চক্রের সঙ্গে হাত মিলিয়ে প্রকৃতপক্ষে রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির চক্রান্ত করেছেন।

এ বিষয়ে বাদী ইমন আহমদ গণমাধ্যমকে জানান, তিনি দেশপ্রেম থেকে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলার এজাহার দাখিল করেছেন। একজন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের। তবে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি করতে পারেন না।

XS
SM
MD
LG