বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি’।
বুধবার (১১ জানুয়ারি) টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি মেহমানদের আবাসস্থল পরিদর্শন এবং বিশ্ব ইজতেমার ‘নিরাপত্তা পরিকল্পনা’ পুস্তকের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও তাবলীগের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। দ্বিতীয় ও শেষ পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।