অ্যাকসেসিবিলিটি লিংক

মাগুরায় নিজের বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

মাগুরায় নিজের ফ্ল্যাট বাসা থেকে এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে পৌর শহরের নতুন বাজার পাঠশালা স্কুলে অবস্থিত নির্মলা ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণ সাহা (৬০) ওই এলাকার মৃত অমুল্ল্য সাহার ছেলে এবং জেলা সদরের শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ব্যক্তি জীবনে অবিবাহিত তরুণ সাহা দীর্ঘদিন যাবৎ ওই ফ্লাটে বসবাস করছিলেন’।

তরুণ সাহার গৃহ পরিচারিকা বিজলী সাহা জানান, অন্য দিনের মতো বুধবার সকালে কাজের উদ্দেশ্যে ওই বাড়িতে যান তিনি। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজনকে ডাকেন তিনি। এ সময় লোকজন তাকে ঘরের বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মো. মশিউদ্দৌলা রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কালিমুল্লাহ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কালিমুল্লাহ বলেন, ‘সংবাদ শোনার পর এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে’।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

XS
SM
MD
LG