অ্যাকসেসিবিলিটি লিংক

এএইচএফ অনূর্ধ্ব–২১ কাপ হকিতে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অনূর্ধ্ব–২১ কাপ হকি খেলায় ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অনূর্ধ্ব–২১ কাপ হকি খেলায় ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অনূর্ধ্ব–২১ কাপ হকি খেলায় ওমানকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওমানের মাস্কাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে দ্বিতীয় অনূর্ধ্ব-২১ পুরুষ জুনিয়র (এএইচএফ) কাপের হকি খেলা নির্ধারিত ৬০ মিনিটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শ্যুটআউটে জয় পায় বাংলাদেশ।

ম্যাচে আল-নৌফালি আলখোদার প্রথম মিনিটে স্বাগতিক ওমানকে এগিয়ে দেন এবং বাংলাদেশের মোহাম্মদ হাসান ৫২তম মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনেন।

পেনাল্টি শুটআউটে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ রহমান, মোহাম্মদ উদ্দিন ও মোহাম্মদ জয় দুটি করে গোল করেন এবং অপর গোলটি করেন মোহাম্মদ হাসান।

ওমানের হয়ে দুটি করে গোল করেন মন্দিত আইমান, বারজাহান আসামা ও আল নওফালি আলিয়াস।

অপরাজিত থেকে আট জাতির এএইচএফ কাপের মুকুট জিতল বাংলাদেশ। আট বছর আগে ঢাকায় ২০১৪ সালের ফাইনালে ওমানকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতেছিল।

টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশ পরবর্তী যুব এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়রা কাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশে ফিরবে।

টুর্নামেন্টে থাইল্যান্ড তৃতীয় স্থান অর্জন করেছে। একই ভেন্যুতে তারা পেনাল্টি শুটআউটে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র হয়।

এর আগে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

বুধবার রাতে একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিক ওমান।

এর আগে হংকংকে ৪-০, শ্রীলঙ্কাকে ১৪-০ এবং উজবেকিস্তানকে ৬-১ গোলে হারিয়ে টানা তিনটি ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুল বি-তে শীর্ষে ছিল বাংলাদেশ।

চাইনিজ তাইপেকে ৯-১, থাইল্যান্ডকে ৭-১ এবং ইন্দোনেশিয়াকে ৮-০ গোলে হারিয়ে অপরাজিত হিসেবে পুল এ-তেও শীর্ষস্থান দখল করে ওমান।

XS
SM
MD
LG