বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন যে নতুন করে বিদ্যুতের বাড়ানো একটি গণবিরোধী সিদ্ধান্ত। তিনি বলেন,“ আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬ জানুয়ারি সারাদেশের মহানগরী ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ করব।” রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে বরকতুল্লাহ বুলু এ কথা বলেন।
দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদালতের আদেশের প্রতিবাদে শুক্রবার (১৩ জানুিয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ডেমোক্রেসি ফোরাম।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, “অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা আগামী দিনে বিদ্যুৎ বিল দেব না এবং মানুষ বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেবে।”
উল্লেখ্য যে বিদ্যুতের খুচরা মূল্য পাঁচ শতাংশ বাড়িয়েছে সরকার। আর এই নতুন মূল্য চলতি চানুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।
বরকতুল্লাহ বুলু বলেন, “জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকারের নির্দেশে আদালত তারেক ও তার স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে।” তিনি বলেন, “দুঃশাসনের কারণে জনগণ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন শুরু করেছে।”
কুইক রেন্টাল অ্যান্ড রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ও মেগা প্রজেক্টের নামে যারা ব্যাংক থেকে লাখ লাখ টাকা নিয়ে, বিপুল অর্থ বিদেশে পাচার করেছে, তাদের আগামী দিনে জন আদালতে বিচার করা হবে বলে উল্লেখ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু।