বাংলাদেশের মাগুরা জেলায় অনুষ্ঠিত হলো গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানকার এই ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে একশ’ বছরেরও বেশ সময় ধরে।
শত বছরের ঐতিহ্য ধরে রাখতে, এলাকাবাসী, স্থানীয় যুব সংঘ ও ক্রীড়ামোদিরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ২৭টি ঘোড়া এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায়, নড়াইল জেলার ঘোড়ামাড়া গ্রামের অনিস মিয়ার ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার পাল্লা গ্রামের কুদ্দুস মোল্লার ঘোড়া দ্বিতীয় এবং নড়াইল জেলার অভয়নগর গ্রামের সোহেল মিয়ার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নানা রকমের মিষ্টি, বাচ্চাদের খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে। এলাকার হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করেন।