এক সপ্তাহের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস তামার। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছলে, জাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে অভিবাদন জানায়।
এর আগে, ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘ওমর ফারুক’ এটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বরণ করে। এইচএমএস তামার-এর অধিনায়ক কমান্ডার এলিয়ট-স্মিথ টেইলোর নেতৃত্বে ১৬ কর্মকর্তাসহ মোট ৫৯ জন সদস্য রয়েছেন এই বৃটিশ জাহাজে।
কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ফয়জুল হক, এইচএমএস তামার-এর অধিনায়ককে স্বাগত জানান। আনুষ্ঠানিকতায়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশেসহ নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক, কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান-সহ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া, জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা নির্ভীক, স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি), বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।