বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ছয়জন ঢাকার বিভিন্নহাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৯ জন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন জেলার হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৭ জন ঢাকায় এবং ২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩৪ জন; আর, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৫৫ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৪৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২০৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২৬ জন বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে।