অ্যাকসেসিবিলিটি লিংক

সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে চায়: সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান সেনাপ্রধান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এই কার্য-অধিবেশন হয়।

সেনাপ্রধান বলেন, “গতবারও আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি, এবারও এসেছি। আমি কিন্তু কোন প্রতিনিধি পাঠাইনি। জেলা প্রশাসক সম্মেলনে পরপর দু'বছর সশরীরে উপস্থিত হওয়া এটাই প্রমাণ করে যে, এটাকে কতটা গুরুত্ব দিয়েছি আমি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসনে মাঠ পর্যায়ে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখেন তারা হলেন ডিসিগণ। ডিসিরা আছে, বিভাগীয় কমিশনাররা আছেন; বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো বেসামরিক প্রশাসনের আওতায়। ইন এইড টু সিভিল পাওয়ার-এ আমরা যে সকল কর্মকাণ্ড করি, সেগুলো বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা অসম্ভব।”

তিনি বলেন, “আমি তাদেরকে এই সিগন্যাল ক্লিয়ার ভাবে দিয়ে গেলাম; আমি ব্যক্তিগতভাবে এসেছি, সেনাবাহিনী চাচ্ছে, সিভিল প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের প্রদত্ত যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে।” শফিউদ্দিন আহমেদ বলেন, “ইন এইড টু সিভিল পাওয়ার-এ আমরা দুর্যোগ ব্যবস্থাপনা, জাতি গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড, অনেক সিকিউরিটি দায়িত্ব পালন করে থাকি। এখানে কথা প্রসঙ্গে গত বন্যায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা সবাই করেছে। অন্যান্য কাজেও আমাদের প্রশংসা করেছে তারা।”

তিনি আরও বলেন, “আমরাও বলেছি বর্তমান সেনাবাহিনীতে নিচের পর্যায়ে সবার ভেতরে একটা অনুভূতি এসেছে যে, সিভিল প্রশাসন আগের তুলনায় আমাদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি। আমরা তাদের সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই যে আমাদের একটা কালচারাল ডিফারেন্স, সেনাবাহিনী তাদের মত করে কাজ করছে, বেসামরিক প্রশাসন তাদের মত করে কাজ করছে। উদ্দেশ্য এক, কিন্তু কর্মপদ্ধতির ভিন্নতার কারণে কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়তো হয়ে থাকে।”

শফিউদ্দিন আহমেদ বলেন, “আমরা এগুলো যত দূর করতে পারব নিজের কাজের স্বকীয়তা বজায় রেখে, আমার মনে হয় উই উইল বি আব্যল টু পারফর্ম হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম আস বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দ্য কান্ট্রি।”

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং আগামী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান জানান যে এ বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কোন আলোচনা হয়নি তার।

XS
SM
MD
LG