বাংলাদেশের ফেনীতে, জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) সকালে জামায়াতের ফেনী জেলা শাখার কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আটক জামায়াত কর্মীরা হলেন, মোহাম্মদ শফিউল্যাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), আবু তাহের (৫৪), আব্দুল মতিন (৪৪), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), জাকির হোসেন (৩৫), আব্দুল মোতালেব (৩৮), মনির হোসেন (৪১), মো. মহিউদ্দিন (৩৪), মো. ইসরাফিল (১৮)। এরা সকলেই ফেনী জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি রোড় এলাকায় অবস্থিত জামায়াতের জেলা কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনাকালে ৫টি ককটেল ও জিহাদী বইসহ ১২ জনকে আটক করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, “আটক ব্যক্তিরা কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে ।”
এদিকে, জামায়াতের ফেনী জেলা শাখার আমির মাস্টার শামসুদ্দীন জানান যে সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি সভা ছিল। নাশকতার পরিকল্পনার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট। অবিলম্বে আটক নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি।