বাংলাদেশে সংবিধানের আলোকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, “সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।” শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম অভিযোগ করেন যে আইনের শাসন ধ্বংস করার জন্য দেশে ও দেশের বাইরে সম্মিলিত চেষ্টা হয়েছিল। প্রধানমন্ত্রী সে চেষ্টার বিপরীতে সাহসী ভূমিকা রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তাই আজ সংবিধানের আলোকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।
শ ম রেজাউল করিম বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম, খুনিদের পুনর্বাসন, গণতন্ত্র ধ্বংস, আইনের শাসন ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার কাজ ধারাবাহিকভাবে করা হয়েছে।” তিনি আরও বলেন, সংবিধানের ১৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সংবিধানের চারটি স্তম্ভ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হয়েছে বঙ্গবন্ধুর হাতে ধরে।বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা সেটা বিকশিত করছেন।”
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন আইনের শাসনের কোনো বিকল্প নেই;” উল্লেখ করেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।