অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে: সিপিডি’র গবেষণা

বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে: সিপিডি’র গবেষণা।
বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে: সিপিডি’র গবেষণা।

বাংলাদেশে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে। একথা জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রবিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ বিজনেস এনভায়রনমেন্ট ২০২২: এন্টারপ্রেনারশিপ সার্ভে’ শীর্ষক জরিপের ফলাফল শেয়ার করেছে গবেষণা সংস্থাটি।

সিপিডি’র নতুন জরিপে বলা হয়েছে, অপর্যাপ্ত অবকাঠামো, ঋণ পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধা এবং অদক্ষ প্রশাসন উদ্যোক্তা বিকাশের প্রধান বাধা। এতে আরও বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট এবং অস্থায়ী নীতি ব্যবসার পরিবেশকে আরো জটিল করে তুলেছে।

রাজধানী ঢাকার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জরিপের তথ্য তুলে ধরেন। ব্রিফিংকালে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন। গোলাম মোয়াজ্জেম বলেন, “দেশে টেকসই ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা।”

তিনি বলেন যে জরিপে দেখা গেছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে। গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পরিচালিত এই জরিপে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কৃষি, উৎপাদন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭৪ শতাংশ কর্মকর্তা অংশ নেন। এটি দেশব্যাপী জরিপ ছিল না বলেও জানান গোলাম মোয়াজ্জেম।

জরিপে অংশ নেওয়া ৬৪ দশমিক ৬ শতাংশ নির্বাহী দুর্নীতিকে ব্যবসা করার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। ৬৪ শতাংশ কর্মকর্তা বলেছেন, কর প্রদানে দুর্নীতি হচ্ছে। ৫৪ শতাংশ বলেছেন, তারা ব্যবসায়িক লাইসেন্স পেতে দুর্নীতির মুখোমুখি হয়েছেন। ৪৯ শতাংশ বলেছেন, গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ পাওয়ার ক্ষেত্রে ঘুষ একটি নিয়ম এবং ৭৫ শতাংশ বলেছেন, আমদানি-রপ্তানি খাতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, “দুর্নীতির কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়ছে। সেবার খরচ বাড়ছে। এই বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।” বিভিন্ন স্তরের দুর্নীতি, ব্যবসার পরিবেশ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করেন ফাহমিদা খাতুন।

This item is part of
XS
SM
MD
LG