অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে—আবহাওয়া অধিদপ্তর


শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ সময়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

XS
SM
MD
LG