অ্যাকসেসিবিলিটি লিংক

স্মার্ট বাংলাদেশ গড়েতে রাজনীতিকেও স্মার্ট হতে হবে: শিক্ষামন্ত্রী দীপু মনি


শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন যে প্রত্যন্ত অঞ্চলেও এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তবে, স্মার্ট বাংলাদেশের যাত্রায় রাজনীতিকেও স্মার্ট হতে হবে; যেখানে প্রত্যেক রাজনৈতিক দল দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী দু’দিনের সফরে চাঁদপুর সার্কিট হাউজে আসেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, “দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ, প্রত্যেকের হাতে মোবাইল ফোন। সত্যিই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। তবে, স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমরা মনে করি, রাজনীতিকেও স্মার্ট হতে হবে। যেখানে প্রত্যেক রাজনৈতিক দল দেশের স্বার্থকে সবচেয়ে প্রাধান্য দিয়ে কাজ করবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “মানুষ ও দেশ-এটিই সবার আগে এবং সেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কখনও স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। এছাড়া মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কেউ না খেয়ে থাকবে আর কেউ অর্থ বিত্তের পাহাড় গড়ে তুলবে; স্মার্ট রাজনীতি এগুলো হতে দেবে না “

বাংলাদেশের শিক্ষামন্ত্রী জানান, “২৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছানোর কথা। বই না পাওয়ার কোনো কারণ নেই। যদি কোথাও পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব। তবে সবাইকে বলব, আমাদের ওয়েব সাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে, কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটেও থাকে, তাহলে ওয়েব সাইট থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে শিক্ষকরা সহায়তা নিয়ে পাঠদান করতে পারবেন।”

XS
SM
MD
LG