চৌদ্দ দফা দাবির সমর্থনে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের সাতটি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। শনিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাইফুল হক বলেন, “আমরা ভোটের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, এই সরকারের পদত্যাগ, একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিসহ আমাদের ১৪ দফা দাবি বাস্তবায়নে ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করছি।”
গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোট যারা যুগপৎ আন্দোলনে আছে তারাও নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন সাইফুল। তিনি বলেন, ঢাকায় গণতন্ত্র মঞ্চ সকাল ১০টায় মিরপুর-১২ থেকে ফার্মগেট, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিল অভিমুখে পদযাত্রা শুরু করবে। একই সঙ্গে সারাদেশে, জেলা ও বিভাগীয় পর্যায়ে তাদের জোট একই ধরনের কর্মসূচি পালন করবে বলে জানান সাইফুল।