অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগ এখন বিরোধী দলের মতো আচরণ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমির খসরু
আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নেমে বিরোধী দলের মতো আচরণ করছে।” শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন থামাতে ব্যর্থ হবে আওয়ামী লীগ। তারা (আওয়ামী লীগ) মনে হয় বিরোধী দলে পরিণত হয়েছে। তাদের ভূমিকা দেখলে মনে হয় আওয়ামী লীগ ক্ষমতাসীন দল নয়, বিরোধী দল।”

তিনি বলেন, “বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলে, আওয়ামী লীগও ‘শান্তি সমাবেশ’সহ পাল্টা কর্মসূচি দেয়। আমরা বলতে চাই, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না। হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে এবং এটা প্রমাণিত হয়েছে যে, গুলি করে, হত্যা করে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও কাল্পনিক মামলায় ফাঁসিয়ে গণজোয়ার থামানো যায় না।”

সরকারের পদত্যাগ, নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ বিএনপির ১০ দফা দাবির সমর্থনে এবং পরিষেবা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এই সমাবেশের আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি দিয়ে জনগণকে আকৃষ্ট করা যাচ্ছে না। তাই তারা বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের আশ্রয় নিচ্ছে।”

XS
SM
MD
LG