অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
বাংলাদেশের তথ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিংক রোডে জেলা প্রশাসন আয়োজিত, চট্টগ্রাম ফুল উৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। আমরা কারও সঙ্গে পাল্টা কর্মসূচি দিচ্ছি না। আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচি দিচ্ছি। এই কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।”

ফুল উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে সুন্দরভাবে সাজাতে চান। আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই। স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বহুদূর এগিয়ে গেছি। বস্তুগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সামাজিক কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই আমরা।”

পুস্প মেলার আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

XS
SM
MD
LG