বাংলাদেশের একটি যৌথ উদ্ধারকারী দল গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পটি এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি।
বাংলাদেশ ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার রবিবার (১২ ফেব্রয়ারি) জানিয়েছেন যে বাংলাদেশ দল এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে এবং ৯টি মরদেহ উদ্ধার করেছে। সেনাবাহিনীর ৩৪ জন এবং ফায়ার সার্ভিসের ১২ জনের সমন্বয়ে গঠিত দলটি বুধবার (৮ ফেব্রয়ারি) রাত ১০টায় ঢাকা ত্যাগ করে এবং বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) রাত ৯টা ৪৬ মিনিটে তুরস্কের আদানা সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছায়। শাহজাহান আরো জানান, “পরে তারা দক্ষিণ-পূর্ব তুরস্কের আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।”
উল্লেখ্য যে বিভিন্ন বার্তা সংস্থার খবর অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৯ ঘণ্টার ব্যবধানে আঘাত করা সাত দশমিক আট এবং সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে, ঐ এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ হতাহত হয়। ধ্বংস স্তুপের মধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশের শত শত উদ্ধারকর্মী।