অ্যাকসেসিবিলিটি লিংক

বিনয় কোয়াত্রার সফর ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও গতিশীল করবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বাংলাদেশ সফর ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও জোরদার করবে ও গতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ নীতি অনুযায়ী দেয়া ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ অনুযায়ী পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশ সফর করবেন।

ভারত বলেছে যে বাংলাদেশ ভারতের সর্বোচ্চ উন্নয়ন সহযোগী এবং এই অঞ্চলে তার বৃহত্তম বাণিজ্য অংশীদার। মন্ত্রণালয়ের মতে, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার গতি বাড়াবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে, আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফর করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সফরকালে দুই দেশের পররাষ্ট্র সচিব রাজনৈতিক ও নিরাপত্তা, পানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা, সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন।

নেপালে (১৩-১৪ ফেব্রুয়ারি) দুদিনের সরকারি সফর শেষ করে ঢাকায় আসছেন কোয়াত্রা। তিনি গত বছরের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর পর এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম গ্রুপ অফ টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগামী ১-২ মার্চ নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের সময় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ সফর কালে কোয়াত্রা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) সভা এবং শীর্ষ সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

জি-২০ সদস্য দেশগুলো বিশ্বের জিডিপির প্রায় ৮৫ শতাংশ, বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশের বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।

XS
SM
MD
LG