বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কারণ তিনি গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। আমি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি”।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে তাঁর দল দেশ পরিচালনার দায়িত্ব নেবে। ভোট কারচুপির মাধ্যমে আমি কখনোই ক্ষমতায় আসতে চাই না”।
শেখ হাসিনা বলেন, তিনি সবসময় জনগণের খাদ্য ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। প্রথম নির্বাচন কমিশন পুনর্গঠন আইন সংসদে পাস হয় এবং তারপর আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে।