অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ইইউ, প্রতিরক্ষা বৈঠক করেছে নেটো

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সাথে স্ট্রাসবুর্গের ইউরোপীয় পার্লামেন্টে কথা বলছেন। ১৫ ফেব্রুয়ারি, ২০২২।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সাথে স্ট্রাসবুর্গের ইউরোপীয় পার্লামেন্টে কথা বলছেন। ১৫ ফেব্রুয়ারি, ২০২২।

বুধবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। নেটো প্রতিরক্ষা মন্ত্রীরা ব্রাসেলসে জড়ো হয়ে প্রতিরক্ষা ব্যয় এবং অস্ত্র উৎপাদন জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন, সেখানে এ প্রস্তাব করা হয়। তারা ইউক্রেনীয় বাহিনীর জন্য যে সহায়তা দিচ্ছেন তা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন বলেন, নিষেধাজ্ঞার প্যাকেজে রাশিয়ায় কিছু শিল্প এবং প্রযুক্তি পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপগুলো রুশ বাহিনীকে তাদের অস্ত্র ব্যবস্থা চালু রাখার জন্য যেসব উপাদান প্রয়োজন সেগুলোর পাবার পথে বাধা সৃষ্টি করবে।

প্রস্তাবটিতে শাহেদ ড্রোন সরবরাহের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কোরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারটিও অন্তর্ভুক্ত রয়েছে। রুশ বাহিনী ইউক্রেনের অবকাঠামোগুলোতে আক্রমণ করার জন্য এই ড্রোন ব্যবহার করেছে।

নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের দুই দিনের আলোচনার দ্বিতীয় দিনের শুরুতে বলেন, মিত্ররা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উপায়গুলো অনুসন্ধান করে দেখবে।

স্টলটেনবার্গ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে আরও গোলাবারুদ সরবরাহ করার প্রয়োজনীয়তার ওপর এবং মিত্রদের প্রতিশ্রুত ট্যাংক এবং অন্যান্য ভারী সরঞ্জাম সরবরাহ সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।

এছাড়াও মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউক্রেনে রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা করার জন্য ৫৬০ কোটি ডলারের জন্য একটি যৌথ আবেদন শুরু করেছে।

সংস্থাগুলো বলেছে, ইউক্রেনের মধ্যে থাকা ব্যক্তিদের খাদ্য, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সহায়তা প্রদানের পাশাপাশি ১০ টি দেশে থাকা ইউক্রেনের শরণার্থীদের সহায়তা করার জন্য তহবিলের প্রয়োজন।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG