অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়াকে রাজনীতি করতে দিতে বাইরের কোনো চাপ নেই—আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। (ফাইল ছবি)
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। (ফাইল ছবি)

বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতিতে অংশ নিতে দেওয়া নিয়ে বাইরের কোনো চাপ নেই।

তিনি বলেন, “মানুষের সত্যটা জানার অধিকার আছে। আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে ঘটনাটি জানিয়েছি। এ বিষয়ে কোনো বিদেশি চাপ নেই”।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) মিলনায়তনে খালেদা জিয়ার রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সরকারের সাম্প্রতিক অবস্থান নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে “রোহিঙ্গা সংকট ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ: বাংলাদেশের প্রতিক্রিয়া কৌশল” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বিআইআইএসএস মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

আনিসুল হক বলেন, “খালেদাকে দুটি শর্তে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এর কোনোটিই তার রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে ছিল না”।

তিনি বলেন, “শর্তগুলো হলো, তিনি (খালেদা জিয়া) তাঁর ঢাকার বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না”।

আনিসুল হক বলেন, “বিএনপিকে বিভ্রান্ত করার জন্য সরকারের কোনো গেম প্ল্যান নেই। তবে রাজনৈতিক কর্মসূচিতে খালেদার সক্রিয় অংশগ্রহণ নির্ভর করে তাঁর শারীরিক অবস্থার ওপর”।

এর আগে গত রবিবার রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন রাজনীতিতে অংশ নিতে পারেন। কিন্তু দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হয়েছে।

সরকার তাঁর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, “তিনি রাজনীতি করবেন কী করবেন না, এটি তাঁর ব্যক্তিগত বিষয়”।

আনিসুল হক বলেন, “সংবিধানে বলা হয়েছে, দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। (এ ব্যাপারে) নতুন করে বলার কিছু নেই”।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১০ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। এই মামলায় বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছিল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল খারিজ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালের ৩০ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর স্বাস্থ্য খারাপের কথা বিবেচনা করে মানবিক কারণে সরকার তাঁর সাজা স্থগিত করেছে।

XS
SM
MD
LG