অ্যাকসেসিবিলিটি লিংক

বিডিআর বিদ্রোহের সঠিক তদন্ত হয়নি: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৫ ফেব্রয়ারি) অভিযোগ করেছেন যে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যার সঠিক তদন্ত হয়নি। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বনানী সেনা কবরস্থানে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি, এই ঘটনার তদন্ত যেভাবে হওয়া উচিত ছিলো এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ও মূল হোতাদের বের করে আনার জন্য যেভাবে তদন্ত প্রক্রিয়া চালানো উচিত ছিলো, দুর্ভাগ্যবশত তা হয়নি।”

বিএনপি মহাসচিব বলেন, “সেনাবাহিনী বিডিআর বিদ্রোহের তদন্ত করেছে, জাতি এখনো সেই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পায়নি। বিদ্রোহ ও পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় কয়েকজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনার সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেকটি মামলার বিচার এখনও শেষ হয়নি।”

“তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর অনেক সৈনিক, যারা নিজেকে নির্দোষ দাবি করে, তারা এখনো কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন;” উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, “কয়েকদিন আগে আমি কারাগারে ছিলাম। সেখানে দেখলাম, এই মামলায় অভিযুক্ত অনেক প্রাক্তন বিডিআর সদস্য ১৩/১৪ বছর ধরে অমানবিক জীবনযাপন করছেন। তাদের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে।”

সরকারের কাছে বিস্ফোরক মামলার বিচার শেষ করার উদ্যোগ নিতে দাবি জানান বিএনপি মহাসচিব।

XS
SM
MD
LG