স্মার্ট বাংলাদেশ গড়তে,উদ্ভাবনী শক্তি ও মেধাকে কাজে লাগানোর জন্য বিসিএস কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বিসিএস কর্মকর্তাদের ৭৪তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহবান জানা তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমরা যে কাজগুলো করেছি (উন্নয়ন) তার ধারাবাহিকতায় আপনাদের সকলকে নতুন করে ভাবতে হবে। কিভাবে আপনাদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভাকে কাজে লাগিয়ে এই দেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায়।”
শেখ হাসিনা বলেন, “স্বল্প সময়ের মধ্যে দেশ আমূল পরিবর্তন প্রত্যক্ষ করেছে।আপনাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আপনারা জনসংখ্যা, অর্থনীতি ও সকল সামাজিক ব্যবস্থাকে স্মার্ট করে গড়ে তুলে, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন।”
নবীন কর্মকর্তাদের তিনি বলেন. “২০৪১ স্মার্ট বাংলাদেশ’- রূপকল্প বাস্তবায়নের সৈনিক আপনারা। কারণ ঐ সময়ে আপনারা উচ্চ পদে যাবেন।” শেখ হাসিনা বলেন, “তাই প্রত্যেককে তাদের নিজ নিজ জায়গা থেকে কীভাবে একটি বিষয়কে আরো সুন্দর এবং ভালোভাবে করা যায়, সে সম্পর্কে নতুন চিন্তা ভাবনা করতে হবে।”
ইউক্রেন যুদ্ধ কখন থামবে তা জানা না থাকায়, বাংলাদেশর প্রধানমন্ত্রী বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ সম্পদ ব্যবহারে মিতব্যয়ীতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের সমগ্র জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সঞ্চয় করতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং সবকিছু ব্যবহারে মিতব্যয়ীতা দেখাতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বব্যাপী সংকট কাটিয়ে উঠতে প্রশাসনকে সম্পদের ব্যবহারে মিতব্যয়ী প্রয়োগ এবং দেশে খাদ্য উৎপাদন বাড়াতে জনগণকে উৎসাহিত করতে নির্দেশনা দেন।