খাদ্য কর্মসূচির ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে, কার্ডের মাধ্যমে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) পরিচালনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন।
এর পর মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, “প্রধানমন্ত্রী ওএমএস ব্যবস্থাপনায় শূন্যতা পূরণের নির্দেশ দিয়েছেন…। তিনি কার্ডের মাধ্যমে ওএমএস পণ্য প্রদান এবং কার্ড সিস্টেমের মাধ্যমে এটি পরিচালনা করার জন্য পদক্ষেপ নিতে বলেছেন; যাতে এর ব্যবস্থাপনায় কোনো ফাঁক না থাকে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী পণ্যের বাজার মনিটরিং এবং খাদ্য মজুদকারীদের বিরুদ্ধে সতর্কতা জোরদার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।”
এদিকে, আরও ৪৪টি দেশের নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা প্রদানের জন্য, নিরাপত্তা সেবা বিভাগের একটি স্ট্যাটুটরি রুলস অ্যান্ড অর্ডার (এসআরও) জারির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এখন ৫৭টি দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা এই সুবিধা ভোগ করছেন। এই এসআরও জারির পর মোট ১০১ টি দেশের নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশিরা এই সুবিধা ভোগ করবেন।
৪৪টি নতুন দেশের মধ্যে আফ্রিকার ১৯টি, দক্ষিণ আমেরিকার ১২ টি, ক্যারিবীয় দেশ ১২টি এবং একটি ওশেনিয়া দেশ রয়েছে। দেশেগুলোর মধ্যে রয়েছে; মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা মরিশাস, ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু, চিলি, সুরিনাম, উরুগুয়ে, গুয়ানা, কিউবা, ডোমিনিকা, হাইতি, বার্বাডোস, বাহামা, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, গ্রেনাডা এবং ফিজি।
এছাড়া, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করাসহ আরো কিছু পরিবর্তনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।