অ্যাকসেসিবিলিটি লিংক

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি অপ্রয়োজনীয় ও অসম: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তিকে অপ্রয়োজনীয় ও অসম বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বাংলাদেশ এ প্রকল্প থেকে সুফল পাবে না।” মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি) জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করেছে। দেশে-বিদেশে সবাই বলছে এটা একটা অপ্রয়োজনীয় ও অন্যায্য চুক্তি। চুক্তি প্রত্যাহার না হলে বাংলাদেশকে টাকা দিতে হবে। এই চুক্তিতে খুব একটা লাভ হবে না।”

বিএনপি মহাসচিব বলেন, “এ ধরনের চুক্তি ও প্রকল্পের মাধ্যমে তারা (আওয়ামী লীগ নেতা) জনগণের বিপুল পরিমাণ টাকা লুটপাট করছে এবং বিদেশে সম্পদ অর্জন করছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করায়, জনগণের প্রতি আওয়ামী লীগ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সবচেয়ে গুরুতর বিষয় হলো সরকারকে জবাবদিহির আওতায় আনার মতো কোনো সংসদ নেই। এমন একটি সংসদ আছে, যা জনগণ দ্বারা নির্বাচিত হয়নি।”

মির্জা ফখরুল বলেন, “নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণ যখন মারাত্মক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, সরকার তখন পিকনিকের মেজাজে রয়েছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা না থাকায় তারা উৎসবে মেতেছে। তারা আজ(২৮ ফেব্রয়ারি)) রাষ্ট্রপতি আবদুল হামিদের এলাকায় উৎসব করছে।”

তিনি বলেন, “দেশে অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে তা সরকার মানতে চায় না। সাধারণ মানুষ এখন চাল কিনতে পারছে না। এমন পরিস্থিতিতে সরকারের ওএমএস কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা একটি ভয়ঙ্কর পদক্ষেপ। তারা কার্ডের মাধ্যমে চাল এবং প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে, যাতে তারা (আওয়ামী লীগ নেতারা) দুর্নীতিতে লিপ্ত হওয়ার আরেকটি সুযোগ তৈরি করতে পারে।”

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে, বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

XS
SM
MD
LG