অ্যাকসেসিবিলিটি লিংক

চীন উন্নয়ন সহযোগী, রাজনীতিতে মাথা ঘামায় না: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “চীন এখন যেমন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে; ভবিষ্যতেও, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নের পথে উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায়।” মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, “তারা কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও মাথা ঘামাতে চায় না।”

ড. হাছান জানান, “চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। স্বাভাবিকভাবেই আমাদের উন্নয়ন ভাবনা এবং আমাদের ‘ডেভেলপমেন্ট প্রসেস-এ’ চীন সরকারের যে ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি জানান, “আপনারা জানেন যে দেশের অনেক বড় বড় প্রকল্প, যেমন; বঙ্গবন্ধু টানেল,বিভিন্ন ব্রিজ এবং মেগা প্রকল্পের সঙ্গে চীন কাজ করেছে ও করছে। এখন চট্টগ্রামে বহিঃসমুদ্র থেকে যাতে সরাসরি পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিবহনের জন্য তারা পাইপলাইন নির্মাণ করছে এবং একটি ইপিজেডের কাজ চলছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

তথ্যমন্ত্রী আরও জানান, “এছাড়া আমাদের ‘সিক্স টিভি’ নামে একটা প্রজেক্ট আছে। যার মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে টেলিভিশন কেন্দ্র স্থাপনের জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। প্রকল্পটি চীন সরকারের অর্থায়নে বাস্তবায়ন হওয়ার কথা ‘কনসেশনাল লোনে’; এই বিষয়েও আলোচনা হয়েছে। যেহেতু পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, সে কারণে আমরা এ বিষয়ে আপাতত ধীরগতিতে এগুচ্ছি।’’

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, “তথ্যমন্ত্রীর সঙ্গে প্রাণবন্ত আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন এ দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত এবং সামাজিক উন্নয়ন কাজে অংশীজন হিসেবে সহায়তা করে আসছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আমরা কখনো এ দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাইনি, ভবিষ্যতেও চাই না।”

XS
SM
MD
LG