ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বহিষ্কৃত সভাপতি এবং ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে বহুল আলোচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত ৬–এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। এছাড়া তাঁর আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন।
দুই পক্ষের শুনানি শেষে বিচারক তাঁর ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
বাংলাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তাঁর সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের ২২ অগাস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।