অ্যাকসেসিবিলিটি লিংক

২ মার্চ হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন

“নিয়ম মেনে ভোটার হবেন, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন” স্লোগান নিয়ে কাল ২ মার্চ (বৃহস্পতিবার) পঞ্চমবারের মতো ভোটার দিবস পালন করতে যাচ্ছে নির্বাচন কমিশন(ইসি)।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন হালনাগাদ ভোটার তালিকা ২০২২-এর চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এ ছাড়া, সকাল সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের অংশগ্রহণে ইসি ভবনের সামনে থেকে র‌্যালি বের করে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসি।

বিকেল ৪টার দিকে ইসি ভবনে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনজন নির্বাচন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হবে।

২ মার্চ (বৃহস্পতিবার) ইসি সদর দপ্তরের পাশাপাশি সারা দেশের সব অফিসে ভোটার দিবস পালিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে সার্কের নির্বাচনবিষয়ক সংস্থা ‘ফেমবোসা’ প্রতি বছর ২ মার্চ ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়। পরে দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের সুপারিশসহ একটি প্রস্তাব ইসিতে পাঠানো হয়। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে প্রতি বছরই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় ইসি।

XS
SM
MD
LG