অ্যাকসেসিবিলিটি লিংক

জেল দিয়ে কি কোনোদিন কারও রাজনীতি বন্ধ করা যাবে—প্রশ্ন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন বলে আগে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে অনড় থেকে প্রশ্ন করেছেন, “জেল দিয়ে কী কোনোদিন কারও রাজনীতি বন্ধ করা যাবে?”

বৃহস্পতিবার (২ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকেরা বিভিন্ন মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে প্রশ্ন করলে আব্দুর রাজ্জাক বলেন, “রাজনীতির বিষয়টি বুঝতে হবে। আইনে যাই থাক। ইরানের খোমেনির রাজনীতি কি বন্ধ ছিল? বঙ্গবন্ধু জেলে থেকে রাজনীতি করেছেন না? এ ছাড়া কনভিকশন (দণ্ডিত) হয়নি। কনভিকশন হলেই কি বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করে দিতেন? আমি সেই জায়গা থেকে বলেছি। জেলে বসেও তো রাজনীতি করা যায়। আমি তো সেই কথাটিই আপনাদের বলেছিলাম। আবারও বলছি”।

নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সংসদ সদস্য পিম ভ্যান স্ট্রিয়েনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে আবারও বক্তব্য দেন।

তিনি বলেন, “সারা পৃথিবীতে তো বিদ্রোহী ও বিপ্লবীরা এভাবেই রাজনীতি করেছেন। খালেদা জিয়া ইলেকশনে যেতে পারবেন না, আইনের কারণে। কিন্তু তাঁর রাজনীতির চিন্তা-চেতনা এগুলো কি তারা বন্ধ করে দেবে নাকি-যে আমি রাজনীতি করব না”।

কিন্তু আপনারা মন্ত্রিসভার সদস্যরা একমত হতে পারছেন না কেন-সাংবাদিকেরা এই প্রশ্ন করলে কিছুক্ষণ চুপ থাকেন আব্দুর রাজ্জাক। এরপর তিনি বলেন, “ক্যাবিনেট কলিগরা বলছেন কীভাবে? আমি ওনাদের সঙ্গে কথা বলিনি, কী বলেছেন। আমাকে যদি কোনো কারণে জেল দেয়। লালু প্রসাদ কি রাজনীতি বন্ধ করেছেন? আমাদের ওবায়দুল কাদের সাহেবও তো বলেছেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন না, আইন অনুযায়ী। সংবিধানে আছে দুই বছরের বেশি সাজা হলে নির্বাচন করা যাবে না। কিন্তু রাজনীতিটা আপনি বন্ধ করবেন কেমনে?”

জাতীয সংসদে শেখ ফজলুল হক সেলিম বলেছেন খালেদা জিয়া রাজনীতি না করার জন্য মুচলেকা দিয়েছেন, এ বিষয়ে আব্দুর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এটা আমি জানি না, কোথায় মুচলেকা দিয়েছেন খালেদা জিয়া। একটা জানি যে, তারেক জিয়া দিয়েছে। বিদেশে যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সে-ই দিয়ে গেছে”।

খালেদা জিয়া তো এখন নির্বাহী আদেশে মুক্ত আছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “জেলে থেকেও তো একজন মানুষ যোগাযোগ রাখতে পারেন। জেল দিয়ে কি কোনোদিন কারও রাজনীতি বন্ধ করা যাবে? যদি তিনি আদর্শবাদী রাজনীতিবিদ হন, দেশপ্রেমিক হন। গোপনে তিনি চিঠি লিখে পাঠালেন-কর্মীদের নির্দেশনা দিলেন। এটা করো, সেটা করো। আমি সেটা মিন করেছি। সেটা তিনি করতেই পারেন”।

নির্বাচনের ১০ মাস আগে আওয়ামী লীগ এ ইস্যুটাকে সামনে আনল কেন-জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, “এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়। আমার মনে হয়, এটা নিয়ে যেটুকু আলোচনা হয়েছে সেটা যথেষ্ট। আমি তো ভারতের দুটি উদাহরণ দিলামই”।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই।

আইনমন্ত্রী আনিসুল হকও একই কথা বলেছেন। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার রাজনীতি করতে পারবেন না।

XS
SM
MD
LG