অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয় ওয়ানডে: ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানে জিতলো বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে যাওয়ার পর উল্লাস করছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ৬ মার্চ, ২০২৩। (ছবি-মুনির উজ জামান/এএফপি)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে যাওয়ার পর উল্লাস করছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ৬ মার্চ, ২০২৩। (ছবি-মুনির উজ জামান/এএফপি)

বাংলাদেশের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডে বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে, ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়িয়েছে টিম টাইগার।

এই ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসান ৭৫ রান করেন এবং ৩৫ রানে চার উইকেট তুলে নেন। এর মধ্য দিয়ে, সাকিব প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল। তবে, লিটন দাস প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যাওয়ায় দল চাপে পড়ে। এরপর ৬ বলে মাত্র ১১ রান করে স্যাম কুরানের বলে জেমস ভিন্সের হাতে ধরা পড়েন তামিম। তবে, নাজমুল হোসেন শান্ত ৭১ বলে ৫৩ রান করে কিছুটা স্বস্তি ফেরান।

তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম এবং শান্ত ৯৮ রান যোগ করেন, যা স্বাগতিকদের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সহায়তা করে। মুশফিক ৭০ রানে আউট হন। সাকিব ৭১ বলে ৭টি চারের সাহায্যে ৭৫ রান করেন। বাংলাদেশ দল ৪৮ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান করতে সক্ষম হয়। মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে ভালো করতে পারেননি।

অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার তিনটি এবং স্যাম কুরান ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট একটি সম্ভাবনাময় শুরু করেন। কিন্তু সাকিবের পরপর তিন আঘাতে দুই ওপেনার এবং জেমস ভিন্সকে হারিয়ে ইংল্যান্ড ৩ উইকেটে ৫৫ রান করতে সমর্থ হয়। এরপর স্যাম কুরান ও জস বাটলার ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

ব্যক্তিগত ২৩ রানে মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ দেন স্যাম কুরান। বাটলার এরপর ২৬ রানে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে যান এবং এর মধ্য দিয়ে ইংল্যান্ডের জয়ের আশা ম্লান হয়ে যায়।

ক্রিস ওকস একমাত্র ব্যাটসম্যান যিনি ৪৬ বলে ৩৪ রান করে, লড়াইয়ে কিছুটা প্রতিরোধ দেখিয়েছিলেন।তবে ৪৪ তম ওভারে তিনি মোস্তাফিজুর রহমানের বলে আউট হন এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত ৪৩ দশমিক ১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের পক্ষে বোলারদের মধ্যে সাকিব তার ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। প্রথম ম্যাচ হবে ৯ মার্চ চট্টগ্রামে এবং শেষ দুটি ম্যাচ হবে ঢাকায় ১২ ও ১৪ মার্চ।

XS
SM
MD
LG