অ্যাকসেসিবিলিটি লিংক

আর্থিক খাত সংস্কার নিয়ে আলোচনা করতে আবার ঢাকায় আসছে আইএমএফ দল

বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচিত ৪৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অংশ হিসেবে, আর্থিক খাত সংস্কার নিয়ে আলোচনা করতে, চলতি সপ্তাহে ঢাকা আসছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল। বাংলাদেশে ব্যাংকের একটি সূত্র এ কথা জানিয়েছে।

আইএমএফ দল ঢাকা সফরকালে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। এছাড়া, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে আইএমএফ প্রতিনিধি দলের। এই ঋণ কর্মসূচির আওতায় প্রায় ১৩০ কোটি ডলার ঋণ রেজিলেন্স এন্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) এর অধীনে বিতরণ করা হবে।

বাংলাদেশের জলবায়ু বিনিয়োগের বিষয়কে সমর্থন করতে, জলবায়ু অর্থায়নকে প্রভাবিত করতে এবং আমদানি-নির্ভর জলবায়ু বিনিয়োগ থেকে অর্থপ্রদানের ভারসাম্যে চাপ কমাতে, আরএসএফ এর অধীনে সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে যে ঢাকায় অবস্থানকালে আইএমএফ প্রতিনিধি দল, বাংলাদেশের জন্য ঋণের পরবর্তী কিস্তি দেওয়ার লক্ষ্যে, বিভিন্ন অর্থনৈতিক সূচকের হালনাগাদ তথ্য জানতে চাইবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই রিজার্ভ, বৈদেশিক মুদ্রার হার, মুদ্রানীতি, ঋণ পুনরুদ্ধার, সুদের হার, জিডিপি এবং মুদ্রাস্ফীতির বিষয়সহ বিভিন্ন নীতি সংস্কার বাস্তবায়ন করছে।

প্রস্তাবিত সংস্কার গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; বেসরকারি খাতকে জ্বালানি আমদানির অনুমতি দেওয়া এবং খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো। এছাড়া, জ্বালানি পণ্যসহ আমদানি পণ্যের দাম ব্যবহার ভিত্তিক করা এবং কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।

এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও কেন্দীয় ব্যাংক সূত্র জানিয়েছে।

XS
SM
MD
LG