অ্যাকসেসিবিলিটি লিংক

সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেন প্লান্টের ৩ মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ
সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায়, বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন; প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্ল্যান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

মামলা নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, “নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীমা অক্সিজেন প্ল্যান্ট-এর তিন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পিসহ ১৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।”

ওসি জানান যে মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ শনিবার বিকাল সাড়ে ৪টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন।আর ৩০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

XS
SM
MD
LG