অ্যাকসেসিবিলিটি লিংক

পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে ৭ মার্চের ভাষণ: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “৭ মার্চের ভাষণ এবং ঐ দিনের জনসভাকে বাদ দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না, আমাদের মুক্তিযুদ্ধ হয় না। বিশ্বের লিপিবদ্ধ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই ভাষণ, একটি দেশ বদলে দিয়েছে, পৃথিবীর মানচিত্রই বদলে দিয়েছে।” মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার কাকরাইলে, তথ্য ভবনে অনুষ্ঠিত ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “দুঃখজনক হলেও সত্য, ৭ মার্চ বিএনপি পালন করে না। যারা ৭ মার্চ পালন করে না, অস্বীকার করে, তারা স্বাধীনতাকে কতটুকু স্বীকার করে, কতটুকু বিশ্বাস করে সেটা বড় প্রশ্ন।” তিনি বলেন, “৭ মার্চকে অস্বীকার করে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয় না। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুর এই ভাষণ রাষ্ট্রীয় বেতারে, টেলিভিশনে, রাষ্ট্রীয় অনুষ্ঠানমালায় বন্ধ ছিলো। এমনকি ভাষণের সিডি সব জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো, ধ্বংস করা হয়েছিলো।”

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, “১৯৭৭ সালে ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়ার আগে পর্যন্ত ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকার আমাদের দলের অনেককে গ্রেপ্তার করেছে।”

হাছান মাহমুদ বলেন, “আজ ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসের একটি অন্যন্য প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কো সংরক্ষণ করেছে, বিশ্ব স্বীকৃতি দিয়েছে। পৃথিবীতে অনেক কালজয়ী ভাষণ আছে। সেই কালজয়ী ভাষণগুলোর বেশিরভাগই; যেমন মেনসন ম্যান্ডেলা, নেতাজী সুভাষ বসুর ভাষণ; ছিলো লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর এই ভাষণে আমরা দেখি, কোনো ইতস্তত ভাব ছাড়া তিনি এক নাগাড়ে দাঁড়িয়ে সব কথা বলে গিয়েছেন এবং গণমানুষের ভাষায় কথা বলেছেন।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আরো বলেন, ‘আজকের এই দিনে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

XS
SM
MD
LG