অ্যাকসেসিবিলিটি লিংক

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ ৩ জন গ্রেপ্তার


রাজধানী ঢাকার গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনমালিকসহ তিনজনকে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই ভবনে মঙ্গলবার (৭ মার্চ) ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত হন।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকার ফুলবড়িয়া এলাকা থেকে ভবনের মালিক ওয়াহিদুর রহমান (৪৬) ও তাঁর ভাই মতিউর রহমানকে (৩৬) মঙ্গলবার আটক করা হয়। একই রাতে মোতালেব মিন্টু (৩৬) নামে আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়। তিনি ওই ভবনের একটি দোকানের মালিক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) ড. কে মহিউদ্দিন বলেন, “ভবন মালিকের অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে”।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-উর-রশিদ বলেন, “প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুইন্স স্যানিটারি মার্কেটের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে। রাজউকের নিয়মানুযায়ী বেজমেন্টটি যথেষ্ট প্রশস্ত হলে তাৎক্ষণিকভাবে যেকোনো সমস্যা সমাধান করা সহজ হতো”।

তিনি আরও বলেন, “ভবন মালিকেরা এক সময় বেজমেন্টটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করেন। তারপর রান্নাঘরের গ্যাস লাইন ঠিকমতো না সরিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত নির্মাণ সামগ্রীর বাজার তৈরি করে শ্রমিক ও গ্রাহকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন”।

এদিকে বিস্ফোরণের তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

XS
SM
MD
LG