অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রেভেলিয়ান। রবিবার, ১২ মার্চ, ২০২৩।
গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রেভেলিয়ান। রবিবার, ১২ মার্চ, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দেশের আগামী সাধারণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ স্বাধীন। রবিবার (১২ মার্চ) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রেভেলিয়ান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা নির্বাচন, রোহিঙ্গা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, করোনা মহামারী এবং করোনা পরবর্তী পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।পরে এবিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ওয়েস্টমিন্সটার গণতন্ত্র অনুসরণ করে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন “আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। তারাই নির্বাচন পরিচালনা করবে।”

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, “এখানে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা উপভোগ করে। একসময় দেশে একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিলো, তার সরকার বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল চালু করে। এখন ২৪টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে এবং আরো টিভি চ্যানেল পাইপলাইনে রয়েছে।”

যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, “স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তোরণের পথে বাংলাদেশের জন্য উন্নয়নের পরবর্তী ধাপ খুবই গুরুত্বপূর্ণ। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন।রোহিঙ্গা শিবিরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সুন্দরভাবে মোকাবেলা করায় প্রশাসনের প্রশংসা করেন অ্যান-মারি ট্রেভেলিয়ান।

এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবছর বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীতে বিপুল সংখ্যক নতুন শিশুর জন্ম হয়, যা বাংলাদেশের ওপর বোঝা আরো বাড়িয়ে দেয়।”

করোনা মহামারী সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশ আরো বেশি খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়েছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG