অ্যাকসেসিবিলিটি লিংক

মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন

বাসে আগুন
বাসে আগুন

বাংলাদেশের মানিকগঞ্জ শহরে শিক্ষা সফরের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের কেউ হতাহত হয়নি। তবে পুরো বাসটি পুড়ে গেছে। পরে দমকল কর্মীরা আগুন নেভায়। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টায়, বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটের সামনে এই আগুনের ঘটনা ঘটে।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাসে আগুন লাগলে অন্তত ১০ জন আহত হন। ৭২ জন শিক্ষার্থী ও শিক্ষক বহনকারী বাসটি শিক্ষা সফর থেকে ফিরছিলো।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, “মানিকগঞ্জ সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠি বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটের সামনে সেলফি পরিবহনের বাসটিতে প্রায় ২০ থেকে ২৫জন শিক্ষক-শিক্ষার্থী উঠেন। বাসের চালক বাসটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বাসের পেছনের অংশে আগুন দেখতে পায়।”

তারা বলেন, এসময় বাসের ভেতর থেকে হুড়োহুড়ি করে সবাই নেমে পড়েন। আর দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।” প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেছনের অংশে থাকা সাউন্ড বক্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ হতাহত না হলেও পুরো বাসটি পুড়ে গেছে।”

মহাদেবপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আমিনুর রহমান অঞ্জন বলেন, “শিক্ষার্থীদের জন্য কুষ্টিয়া রবিঠাকুরের কুঠিবাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শনে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিলো। বেশিরভাগ শিক্ষার্থীর বাড়ি এদিকে হওয়াতে বাসটি পৌর সুপার মার্কেটের সামনে রাখা হয়। আগুনে আমাদের কোনো শিক্ষক-শিক্ষার্থীর ক্ষতি হয়নি।”

XS
SM
MD
LG