অ্যাকসেসিবিলিটি লিংক

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা উত্তর সিটিকে অর্থায়ন করতে সম্মত বিশ্বব্যাংক

বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোরেল স্টেশন কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং ইলেকট্রিক বাস সংগ্রহে অর্থায়ন করতে সম্মতি প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

যাত্রী ও পথচারী চলাচলের সুবিধা নিশ্চিত করতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত, প্রতিটি মেট্রোরেল স্টেশন-কে সমন্বিত যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, ইন্টিগ্রেটেড করিডোর ম্যানেজমেন্ট (আইসিএম) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্বব্যাংক।

সোমবার (১৩ মার্চ) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টায়, বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে, সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচার গুয়াংজে চেন এর সঙ্গে বৈঠক করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

প্রকল্প সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি দলের সদস্য প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, “আমাদের মেট্রোরেলের নিচের সড়কের উন্নয়ন হলেও, মেট্রোরেল স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়ার জন্য এখনো তেমন ভালো ব্যবস্থা নেই। পৃথিবীর উন্নত শহরে মেট্রোস্টেশনে যাত্রীদের আসা-যাওয়ার জন্য সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরো বলেন, “এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়ে বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫ কোটি ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০তম সম্মেলন উপলক্ষে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।

XS
SM
MD
LG