অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার আহমদিয়াদের ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিলো কেন: মির্জা ফখরুলের প্রশ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। (ফাইল ছবি)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সাম্প্রতিক ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে সরকারের অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তিনি, আহমদিয়া সম্প্রদায়ের ধর্মসভাকে ‘বিতর্কিত’ বলে অভিহিত করেছেন।

সোমবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি প্রশ্ন তোলেন, “সরকার কেন এমন বিতর্কিত অনুষ্ঠানের অনুমতি দিলো; যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।”

গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক হামলায় দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়। হামলাকারীরা আহমেদনগরে অবস্থিত আহমদিয়া সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়ি লুট করে।

মির্জা ফখরুলের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন জামায়াতে ইসলামীর টুইটার অ্যাকাউন্ট ‘বাশেরকেল্লা’ আহমদিয়া ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা বন্ধে পুলিশের পদক্ষেপের নিন্দা করেছে এবং এই সম্প্রদায়কে ‘বয়কট’ করার আহ্বান জানিয়েছে। আহমদিয়া সম্প্রদায় এটিকে তাদের বিরুদ্ধে একটি ‘ঘৃণাত্মক প্রচারণা’ বলে অভিহিত করেছে।

এদিকে, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ৫ মার্চ এক বিবৃতিতে আহমদিয়া সম্প্রদায়কে আনুষ্ঠানিকভাবে ‘অমুসলিম’ ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

XS
SM
MD
LG