বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে, এ সময় ডেঙ্গু সংক্রমিত হয়েছেন দুইজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৩ জন ঢাকায় এবং ১৩ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩৮৪ জন এবং ৪০৪ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৫৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৬৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৮৮ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।