অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে ঢাকার প্রতি ওয়ার্ডে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসকারীদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে, সিটি করপোরেশনের আওতাধীন সব ওয়ার্ডে, স্থাপনা ও ভবনের পয়ঃনিষ্কাশন, বর্জ্য ও গ্যাস লাইন নিয়মিত পর্যবেক্ষণের লক্ষ্যে, সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ মার্চ) এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সম্প্রতি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও গুলিস্তানের সিদ্দকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত রবিবার (১২ মার্চ) এ বিষয়ে একটি রিট আবেদন করে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

নাগরিকদের নিরাপদ জীবন-যাপনের স্বার্থে ঢাকা সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডের স্থাপনা ও ভবনের পয়ঃনিষ্কাশন লাইন ও গ্যাসলাইন নিয়মিত পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাত দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ কমিটি করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞ কমিটি গঠনের পর, পর্যবেক্ষণে পয়ঃনিষ্কাশন লাইন ও গ্যাস লাইনে ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে, তা মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কমিটিকে প্রতি আট সপ্তাহ পর পর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা সিটিতে অবস্থিত ভবন-স্থাপনাগুলো নিয়মিত তদারকি ও সিটিতে বসবাসকারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

গণপূর্তসচিব, বিদ্যুৎসচিব, স্থানীয় সরকারসচিব, রাজউক চেয়ারম্যান, তিতাস গ্যাস ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, সায়েন্স ল্যাবরেটরি ও সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার প্রধান কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অবহেলা। ঢাকা শহরে থাকা হাজার হাজার স্থাপনা বা ভবনের পয়নিষ্কাশন ও গ্যাসের লাইন তদারকি, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এ বিষয়ে সক্রিয় নয়। যে কারণে রিটটি করা হয়।

দুই সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডের গ্যাস ও পয়নিষ্কাশন লাইন তদারকির জন্য সাত সদস্যের একটি করে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে জানান মনজিল মোরসেদ।

XS
SM
MD
LG