কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁর মাথায় ও পিঠে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।
নিহত স্বেচ্ছাসেবক মোহাম্মদ রশিদ (৩৫) বালুখালী ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী বলেন, “এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে যায়”।
তিনি আরও বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে”।