অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক, কর্মসূচি স্থগিত করেছে বিএসবিআরএ

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএসবিআরএ'র সভাপতি আবু তাহের। শনিবার, ১৮ মার্চ, ২০২৩।
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএসবিআরএ'র সভাপতি আবু তাহের। শনিবার, ১৮ মার্চ, ২০২৩।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ডাকা ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে, চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে বিএসবিআরএ’র নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর, রাতে সকল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার কথা জানানো হয়।

চট্টগ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর, অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর গ্রেপ্তার করা হয়। তাকে হাতে হ্যান্ডকাপ ও কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) শনিবার (১৮ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। একইসঙ্গে শুক্রবার থেকে চট্টগ্রামের সকল অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রাখা হয়।

বিএসবিআরএ নেতারা জানান, বৈঠকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেছেন যে সীমা গ্রুপের পরিচালকের সঙ্গে যা হয়েছে তা অবশ্যই নিন্দনীয়। এ ঘটনা ভবিষ্যতে যাতে আর কোনো শিল্প মালিকের সঙ্গে না ঘটে সে ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি থাকবে।

বিএসবিআরএ'র সভাপতি আবু তাহের জানান, “আমাদের সদস্য সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে পুলিশ কোমরে রশি বাঁধে নিয়ে যায়। এ ঘটনায় চট্রগ্রাম জেলা ও শিল্প পুলিশ প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেছেন এবং বিএসবিআরএ'র দাবি যৌক্তিক বলে মেনে নিয়েছেন। আর কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। আমরা তার আহবানে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করছি।”

XS
SM
MD
LG