বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ছয়জন ডেঙ্গু সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১ জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৪ জন ঢাকায় এবং ৮ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত , ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৮ জন। ৪১৭ জন ভর্তিহয়েছেন বিভিন্ন জেলার হাসপাতালে।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮৮ জন ঢাকার বাসিন্দা। বাকি ৪০৬ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।