অ্যাকসেসিবিলিটি লিংক

রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন শাকিব খান

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান
চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত, শাকিব খানের জবানবন্দি গ্রহণ করেন। পরে তিনি অভিযোগ তদন্ত করে আগামী ৬ জুন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান জানান, বেলা পৌনে একটার দিকে মামলা করতে আদালতে আসেন শাকিব খান। এরপর জবানবন্দি দিতে আদালতের কাঠগড়ায় ওঠেন তিনি। এসময় বিচারক বলেন, “সময় মতো আসতে হবে। আগের দিনই বলে দেয়া হয়েছে কখন আসতে হবে। তখন শাকিব খান বলেন, জ্বি স্যার। এরপর বিচারক বলেন, এটা তো আপনার আইনজীবী ভালো জানার কথা। এরপর তিনি জবানবন্দি দিতে শপথ পাঠ করেন।”

গত ২৩ মার্চ চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শাকিব খান। ঢাকার মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালত তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহ-কে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।

এরপর শাকিব খান যান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে। সময় অতিবাহিত হওয়ায় ঐ দিন তিনি মামলা করতে পারেননি। সোমবার তাকে আদালতে আসতে বলেন বিচারক।

জানা গেছে, এর আগে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। থানা মামলা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

XS
SM
MD
LG