অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণখেলাপিদের রোধে মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের প্রতিরোধে ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা। মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

খসড়া আইনের অধীনে, একটি পরিবারের সর্বোচ্চ তিন সদস্য (বর্তমান চার সদস্যের পরিবর্তে) একটি ব্যাংকের পরিচালক হতে পারবেন। এখন ব্যাংকিং কার্যক্রম ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর অধীনে পরিচালিত হয়।

সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসেন খান। তিনি বলেন, “আইনটিকে আধুনিক ও যুগোপযোগী করতে এর সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি, তাদের সংজ্ঞায়িত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা এখানে উল্লেখ করা হয়েছে।”

সচিব বলেন, “ব্যাংকগুলোকে অবশ্যই ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে এবং এ আইনের দ্বারা বিদেশ যাওয়া, ট্রেড লাইসেন্স প্রদান (তাদের বিরুদ্ধে) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নিবন্ধন নিষিদ্ধ করতে পারে”

এছাড়া, এই আইন বলবৎ হলে, ইচ্ছাকৃত ঋণখেলাপি, সংশ্লিষ্ট তালিকা থেকে বাদ পড়ার পর, পাঁচ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্য হতে পারবেন না বলেও জানান তিনি।

কোন ব্যাংকের কোন পরিচালক ইচ্ছাকৃত ঋণখেলাপি হলে, বাংলাদেশ ব্যাংক তার পদ শূন্য ঘোষণা করতে পারে বলে উল্লেখ করেন সচিব। বলেন, “কোনো ব্যাংক ঋণখেলাপিদের তালিকা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে ব্যর্থ হলে, ঐ ব্যাংককে ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকা জরিমানা করা হতে পারে।”

তিনি আরো বলেন, “প্রতিদিন বিলম্বের জন্য ব্যাংককে অতিরিক্ত এক লাখ টাকা জরিমানা গুনতে হবে, এমন বিধান রয়েছে এই আইনে।” খসড়া আইনে সংযোজিত একটি নতুন বিধান অনুযায়ী, ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য ব্যাংক পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের অবশ্যই বন্ড বা জামানত দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক যাতে আইনের অধীনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ফাউন্ডেশন নিয়মিত পরিদর্শন করতে পারে, সেজন্য নতুন আইনে একটি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

XS
SM
MD
LG