অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদের আগে-পরে ৯ দিন মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার দাবি

আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে অন্তত ৯ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। ঈদ ভ্রমণের সময় থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে এবং সকল আন্তঃজেলা সড়কে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এই নাগরিক সংগঠন।

জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশিস কুমার দে এক বিবৃতিতে এ আহ্বান জানান। এছাড়া নাগরিক সংগঠনের নেতারা দেশের সকল সড়ক ও মহাসড়কে অ-নিবন্ধিত ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।

এসব দাবি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর প্রতি আহ্বান জানান তারা। নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ ভ্রমণের ওপর গুরুত্বারোপ করা হয়ং বিবৃতিতে।

বলা হয়, সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। আর, মোটরসাইকেল দুর্ঘটনা গত বছরের সকল সড়ক দুর্ঘটনার ৪০ শতাংশের বেশি। তাই এই দুই চাকার গাড়িতে দূরপাল্লার যাতায়াতের কারণে ঈদ মৌসুমে আরো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ছোট ও অ-নিরাপদ যানবাহন মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে বাস ও ট্রাকের মতো বড় যানবাহনকে ধীর করে দেয়। এতে দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা বাড়ে।

XS
SM
MD
LG