অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দোকান মালিক সমিতির

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রতি প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা বরাদ্দের আহ্বান জানিয়েছে। বঙ্গবাজার পরিদর্শন শেষে মঙ্গলবার (৪ এপ্রিল) সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী।

তিনি বলেন, “ঈদের উৎসব সামনে থাকায়, সব দোকানে কাপড়-চোপড়সহ অন্যান্য পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে আড়াই হাজার কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব ব্যবসায়ীর পুঁজি হচ্ছে দোকানের মালামাল। মালামাল পুড়ে যাওয়ায় এখন তাদের ব্যবসার কোনো সম্পদ অবশিষ্ট নেই।”

তিনি বলেন, “এখন তাদের (ক্ষুদ্র ব্যাবসায়ী) জন্য আমরা সরকারের কাছে প্রাথমিকভাবে ঈদের ক্ষতিপূরণের জন্য ৭০০ কোটি টাকা দাবি করছি।”

ঘটনাস্থলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেখানে যান তিনি। এসময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির জন্য তাদের প্রতি সমবেদনা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখান থেকে আমরা সস্তায় জিনিস কিনতে পারি। অনেক দোকানে যে দামে পণ্য কিনি, এখানে তার দাম পাঁচগুণ কম। আমি তো এখানে মাঝেমধ্যে বাজার করি। সেজন্য আমি জানি।”

এই ঘটনাকে তিনি খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন।

আহত ১২ জন

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের র‌্যাপিড সার্ভিসের প্রধান মোহাম্মদ রাসেল বলেন, “এখন পর্যন্ত কোনো গুরুতর ঘটনা নেই। বেশিরভাগ আঘাতই ছিল সামান্য।”

তিনি জানান যে এখন পর্যন্ত ১২ জন বঙ্গবাজার থেকে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আটজন পর্যবেক্ষণে রয়েছেন এবং চারজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

XS
SM
MD
LG