বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে বলেছেন, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে মার্চ পর্যন্ত পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার টোল আদায় করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা-২০ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর এ বছরের মার্চ পর্যন্ত টোল বাবদ আদায় হয়েছে ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় ৬ হাজার বাস ঢাকা শহরে চলাচল করে।
তিনি আরও বলেন, বিআরটিসির বেশ কয়েকটি রুটে ই-টিকিট ব্যবস্থা চালু রয়েছে। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধানে ৯৭টি বেসরকারি পরিবহন কোম্পানির মধ্যে ৬৯টি কোম্পানির ৩ হাজার ৩০০টি বাসে ই-টিকিটিং চালু করা হয়েছে।
ওবায়দুল কাদের সংসদে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে। শিগগিরই বাকি কোম্পানিগুলোর বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা কমাতে কোনো গবেষণা কর্মসূচি নেই।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।