অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শনিবার থেকে বঙ্গবাজারে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করতে পারবেন

বঙ্গবাজার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বঙ্গবাজার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (৪ এপ্রিল) পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকেরা শনিবার (৮ এপ্রিল) থেকে সাইট ও সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে তাদের ব্যবসা শুরু করতে পারবেন। যাতে তারা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকান মালিক সমিতিকে এ নির্দেশনা দেন।

এ সময় সালমান এফ রহমান বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতাদের নিয়ে বঙ্গবাজার মার্কেট পরিদর্শন করেন। তিনি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন।

মঙ্গলবার ঢাকা শহরের অন্যতম শপিং এলাকা বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সালমান এফ রহমান বঙ্গবাজার পরিদর্শন করে যাওয়ার পর তাঁকে ফোন করেন। তখন তিনি তাঁকে ফোনে বলেন, কাল (শুক্রবার) পোড়া এলাকা পরিষ্কার করা হবে এবং শনিবার থেকে ব্যবসায়ীরা সেখানে অস্থায়ীভাবে কার্যক্রম চালাতে পারবেন।

বঙ্গবাজার পরিদর্শনকালে সালমান এফ রহমান আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, যিনি এ ঘটনায় গভীরভাবে শোকাহত।

তাঁকে উদ্ধৃত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার তহবিল থেকে সহায়তা দিতে চান। এ ছাড়াও, সারা দেশ থেকে অনেক লোক সাহায্য করতে চায়”।

তিনি আরও বলেন, “এ জন্য, দোকান মালিক সমিতিকে এখানকার ব্যবসায়ী সংস্থার সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে”।

আর্থিক সহায়তা পেতে বাজার কমিটিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে আগামী রবিবারের মধ্যে সিটি করপোরেশনে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

সালমান এফ রহমান আরও বলেন, বঙ্গবাজার মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর করা আগের মামলা প্রত্যাহার হলে সেখানে নতুন মার্কেট নির্মাণে সরকারের আগের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কয়েক বছর আগে বাজারটি পুড়ে গেলে সরকার সেখানে নতুন ভবন নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু একাংশ ব্যবসায়ী তা চাননি এবং মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহার করা হলে আগের সরকারি পরিকল্পনা অনুযায়ী বাজার পুনর্গঠন করা হবে।

XS
SM
MD
LG